ফেনীর সোনাগাজীতে পিলারের সঙ্গে বেঁধে এক শিশু শ্রমিককে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় গ্যারেজ মালিক করিম মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলা পরিষদের সামনে করিম মিয়ার গ্যারেজে দীর্ঘদিন ধরে কাজ করতো সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের রবিউল হকের ছেলে রফিকুল ইসলাম তানভীর (১২)। সেখানে প্রায়ই গ্যারেজ মালিক শিশুটিকে মারধর করতো। নির্যাতন সহ্য করতে না পেরে তানভীর কিছুদিন আগে পালিয়ে বাড়িতে চলে যায়। পরে তার মা তাকে বুঝিয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গ্যারেজ মালিকের কাছে রেখে যায়। এর পরপরই শিশুটির ওপর ক্ষিপ্ত হয়ে গ্যারেজ মালিক তাকে বেধড়ক পিটিয়ে বেঁধে রাখে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও কেউ মালিকের ভয়ে তাকে উদ্ধার করতে পারেনি। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত গ্যারেজ মালিক করিম সাতবাড়ীয়া গ্রামের করিমুল হকের ছেলে।’
ওসি হারুন অর রশিদ আরও জানায়, নির্যাতিত শিশুটির পরিবার অনীহা প্রকাশ করায় এ ব্যাপারে মামলা দায়ের করতে সময় লাগছে।








