কলকাতা থেকে ট্রানশিপমেন্টের পণ্য (গ্যাস পাইপ) নিয়ে এমভি মহাদেব নামের একটি জাহাজ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে ভিড়েছে। রবিবার (৬ মে) সন্ধ্যায় ১৭‘শ ৩১ টন গ্যাস পাইপ নিয়ে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছায়। আগামী ১২ মে এসব পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নিয়ে যাওয়ার কথা।
আশুগঞ্জ নৌ-বন্দরের বিআইডব্লিওটিএ'র বন্দর পরিদর্শক (ট্রাফিক) শাহ আলম জানান, ১৯৭২ সালের নৌ-প্রটোকল চুক্তির আওতায় কলকাতা থেকে পণ্যবোঝাই জাহাজটি আশুগঞ্জ বন্দরে এসে পৌঁছেছে।
তিনি আরও বলেন, জাহাজটি বাংলাদেশে অবস্থানকালে সরকার পারমিশন, পাইলট অবস্থান, ল্যান্ডিং, চ্যানেলে অবস্থান ও নিরাপত্তা ফি বাবদ প্রতি টনে সরকার ১৯২ টাকা হারে মাশুল পাবে।
প্রসঙ্গত, এর আগেও ২০১১ সালে এই চুক্তির আওতায় ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েক দফায় আশুগঞ্জ নৌ-বন্দর ব্যবহার করে ভারী মালামাল পরিবহন করে। এরপর থেকে নিয়মিতভাবে আশুগঞ্জ নৌ-বন্দর এবং আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে খাদ্যপণ্য চাল,গম, স্টিলপাত, রডসহ বিভিন্ন পণ্য ত্রিপুরায় নিয়ে যায়।








