ফেনীর দাগনভূঞায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মুছা আলম মাসুদ (৩২) নামে এক ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছে। বুধবার (১৬ মে) ভোরে উপজেলার খুশিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে জানান, মাসুদের বিরুদ্ধে থানায় ২ টি ধর্ষণ, ২টি ডাকাতি, ১টি হত্যা মামলাসহ মোট ৬ টি মামলা রয়েছে।
ওসি জানান, ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামি মাসুদকে মঙ্গলবার রাতে খুশিপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে তার অপর সহযোগীদের গ্রেফতারের উদ্দেশে বুধবার ভোরে অভিযান চালানো হয়। পরে খুশিপুর ব্রিজের কাছে আসলে তার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় পালাতে গিয়ে মাসুদ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
তিনি আরও জানান, নিহত মুছা আলম মাসুদের মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







