বুধবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসভবনে ভাঙচুর চালানো হয়েছে। চট্টগ্রামের গুডস হিলে অবস্থিত ওই ভবনে চালানো ভাঙচুরের ঘটনায় গার্ডরুম এবং গ্যারেজে থাকা আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার বা তার তিন ভাইয়ের পরিবারের কোনও সদস্য বাড়িতে ছিলেন না।
ভবনের নিরাপত্তারক্ষী মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫০ থেকে ৬০ জন যুবক অতর্কিতে হামলা চালায়। তারা বাড়ির ভেতরে ঢুকে আমাকে কোনও কথা না বলার হুমকি দেয়। পরে গ্যারেজে ঢুকে সেখানে থাকা গাড়ি ভাঙচুর করে। বাসার সামনে থাকা টবসহ বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে তারা চলে যায়।’
নগরীর কোতোয়ালী থানাধীন গণি বেকারীর মোড় সংলগ্ন এলাকায় পাহাড়ের ওপর বাড়িটির অবস্থান। গুডস হিল নামে পরিচিত ওই বাড়িতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা ছাড়াও তার ভাই বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাইফুদ্দিন কাদের চৌধুরীসহ চার ভাইয়ের পরিবারের সদস্যরা বসবাস করেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য দিতে পারেননি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ওই বাড়ির গ্যারেজে বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাঙা অবস্থায় থাকতে দেখা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি আমরা। কারা এ ভাঙচুর চালিয়েছে তা আমরা খতিয়ে দেখছি।’
হামলার বিষয়ে জানতে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।








