বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী সংসদ নির্বাচন বিএনপির অস্তিত্ব রক্ষার ও জীবন মরণের লড়াই। বিএনপিকে ওই নির্বাচনে জয়লাভ করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। বুধবার (৩০ মে) জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মতো আর কোনও নির্বাচন হলে দেশের মানুষ ঘরে বসে থাকবেনা।
এ্যানির শহরের বাসভবন প্রাঙ্গণে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, জেলা বিএনপি যুগ্মসম্পাদক নিজাম উদ্দিন ভুঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।
এদিকে জেলা বিএনপির অপরাংশের উদ্যোগে শহরের উত্তর তেমুহনীতে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাহাবুদ্দিন সাবু, সভাপতি ছাইদুর রহমান ছুট্টো, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান প্রমুখ। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।








