নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদী থেকে এক তরুণের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে হাতিয়া কোস্টগার্ড। সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিল জানান, খবর পেয়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। গায়ে থাকা কালো গেঞ্জি দেখে নিহতের পরিবারের লোকজন লাশটি আরিফের বলে শনাক্ত করে। তারা জানায় গত ২৮ মে থেকে আরিফ নিখোঁজ ছিল। তার সঙ্গে দিদার ও ফয়সাল নামের আরও দুই তরুণও নিখোঁজ হয়।
স্বজনদের দাবি অনুযায়ী আরিফ (৩০) হাতিয়ার সুখচর ইউনিয়নের ঢালচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, নিহত আরিফের বউ লাশের গায়ে কালো গেঞ্জি দেখে তার স্বামী বলে শনাক্ত করলেও, ডিএনএ পরীক্ষা ছাড়া লাশটি আরিফেরেই কিনা নিশ্চিত করা যাচ্ছে না।
স্থানীয়রা জানান, হাতিয়ার ঘাসিয়ার চরের বাতাইন্যা শের আলীর (২০) এর সঙ্গে মেঘনা নদীর তীরে যায় আরিফ, দিদার ও ফয়সাল। তারপর থেকে তাদের সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে তুফানিয়া এলাকার মেঘনা নদীতে মাথাবিহীন লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন কোস্টগার্ডকে খবর দেয়।








