ফেনী জেলা শহরের খাজা আহাম্মদ সড়কে চৌদ্দগ্রাম জুয়েলার্সের দেয়াল ভেঙে দোকানে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৫২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক। শুক্রবার (১ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চৌদ্দগ্রাম জুয়েলার্সের মালিক মো. ইয়াছিন বলেন, ‘শুক্রবার রাতে সংঘবদ্ধ ডাকাতদল একটি ক্রোকারিজের দোকানের শাটার কেটে প্রথমে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে ডাকাতি করার পর দেয়াল কেটে আমার জুয়েলার্সে প্রবেশ করে আলমারি ও লকার ভেঙে দেশি-বিদেশি প্রায় ৫২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ।
ওসি রাশেদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সকালে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দেখতে পেয়ে পুলিশ ও দোকান মালিককে খবর দেয়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অনেক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’








