দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর দামপাড়া স্টার লাইন বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার ইয়াছিন মোল্লা নিজেকে সাপ্তাহিক ‘শিখরের সন্ধানে’ নামক পত্রিকার ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়েছেন বলে তিনি জানান। তার কাছ থেকে একটি কালো ক্যানন অটোবাই জেট ক্যামেরা, ১টি প্রেস আইডি কার্ড, ২টি ডায়েরি ও ১টি স্পাই ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
ইয়াছিন মোল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পাইকপাড়া এলাকার আয়নাল হোসেন মোল্লার ছেলে। তিনি ঢাকার যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় থাকেন।
আসিফ মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দামপাড়া বাস কাউন্টারে সোহাগ পরিবহনের এসি বাস কাউন্টারের পাশে স্টার লাইন বাস কাউন্টারের সামনে রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।'
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন টেকনাফ থেকে কম দামে ইয়াবাগুলো কিনে বেশি দামে বিক্রির জন্য নিয়ে এসেছে। সে নিজেকে শিকরের সন্ধানে নামক সাপ্তাহিক পত্রিকার ক্রাইম রির্পোটার পরিচয় দিয়ে কক্সবাজার জেলা ও টেকনাফ থানা এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাসিক ও সাপ্তাহিক চাঁদা আদায় করে। তার নামে খুলশী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।








