ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রাত ৯টার দিকে শহরের মেড্ডা এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম রবিন, কর্মী সৌরভ পাল ও আশরাফুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল কবীর জানান, রাতে মেড্ডা এলাকায় তিন যুবক সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করছিল। এসময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তিনি জানান, আটকরা সবাই ছাত্রলীগকর্মী। তাদেরকে থানা হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সন্ধ্যায় শহরের মেড্ডা সার গুদাম এলাকায় ব্রাহ্মণবাড়িয়া ট্রাক শ্রমিক গ্রুপের ইফতার মাহফিল ছিল। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি ছিলেন। ইফতার মাহফিল শেষ হওয়ার পর বের হওয়ার সময় ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে লিমন আল স্বাধীন ও মাসুম বিল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর একপর্যায়ে লিমন আল স্বাধীনের এক সমর্থক গুলি ছুড়লে জাহিদুল ইসলাম শান্ত আহত হন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১








