কক্সবাজার সমুদ্রসৈকত থেকে পৃথকভাবে অজ্ঞাতনামা দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে ইনানী সমুদ্রসৈকত থেকে একটি ও বিকাল ৪টার দিকে সৈকতের বাঁকখালী নদীর মোহনা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এর সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকালে উখিয়ার ইনানী সমুদ্রসৈকতের একটু দক্ষিণে স্থানীয়রা একটি মৃতদেহ সমুদ্র উপকূলে আটকে থাকার খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে তা উদ্ধার করে। মৃতদেহটির শরীরে পচন ধরেছে। এ কারণে লাশ শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানিয়েছেন, বিকালে জেলার বাঁকখালী নদীর মোহনা থেকে সাগরে ভাসমান একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। লাশের পরনে একটি প্যান্ট রয়েছে। এখনো মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি দুদিন আগে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়া নিখোঁজ জেলেদের মৃতদেহ হতে পারে। লাশ শনাক্তের চেষ্টা চলছে।








