হালিশহরে আবারও জন্ডিসের প্রকোপ, দুইজনের মৃত্যু

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
২৬ জুন ২০১৮, ১৬:৪৩আপডেট : ২৬ জুন ২০১৮, ১৬:৪৩

  ইয়াসির আরাফাতের ডেথ সার্টিফিকেট ও রোগ নির্ণয় পত্র

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় আবারও জন্ডিসের প্রকোপ দেখা দিয়েছে। এবার হেপাটাইটিস-ই তে আক্রান্ত হয়ে এই এলাকার দশজন বাসিন্দা মারা গিয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। সোমবার (২৫ জুন) ওই এলাকার একাধিক বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে স্টাটাস দিলে বিষয়টি সবার নজরে আসে। স্থানীয়রা ১০ জনের মৃত্যু হয়েছে দাবি করলেও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী তিনজনের মৃত্যু হয়েছে বলে জানান। তবে তিনজনের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। এই প্রতিবেদক দুই জনের মৃত্যুর সনদ হাতে পেয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন,‘হেপাটাইটিস-ই তে আক্রান্ত হয়ে হালিশহর এলাকার তিন বাসিন্দা মারা গেছেন বলে স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন। তবে তারা কোন ক্লিনিকে মারা গেছেন, কখন মারা গেছেন এ ব্যাপারে আমরা সঠিক কোনও তথ্য পাইনি। হেপাটাইটিস-ই তে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি আমরা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগকে জানিয়েছি, তারা বিষয়টি খতিয়ে দেখছে।’

এ সর্ম্পকে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন,‘সিভিল সার্জন হেপাটাইটিস-ই তে আক্রান্ত হয়ে তিন জন মারা যাওয়ার বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে আমরা এ ব্যাপারে এখনও সঠিক কোনও তথ্য পাইনি।’

জন্ডিসে আক্রান্ত হয়ে তিনজন মারা যাওয়ার বিষয়ে সঠিক কোনও তথ্য পাওয়া না গেলেও করপোরেশনের এই কর্মকর্তা হালিশহর এলাকায় জন্ডিসের প্রকোপ দেখা যাওয়ার বিষয়টি স্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন,‘গত মে মাসের শুরু দিকে ওই এলাকায় জন্ডিসের প্রকোপ দেখা দেয়। তখন ওই এলাকার অনেকে এক সঙ্গে জন্ডিসে আক্রান্ত হন। তখন থেকে আমরা জন্ডিস থেকে বাঁচতে করণীয় নিয়ে জনসচেতনতা তৈরি করে আসছি। কাল থেকে ওই এলাকায় আবার মাইকিং শুরু করবো।’

জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনের মৃত্যু সনদের ছবি আপলোড করে সোমবার (২৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দেন নগরীর পূর্ব নাছিরাবাদ এলাকার বাসিন্দা জাকির হোসাইন রিফাত।

ফেসবুক স্টাটাসে রিফাত লিখেন,‘অ্যাটেনশন হালিশহরবাসী, ইউ আর অ্যাট রিস্ক- সাদিয়া জাফরের আম্মু ঈদের কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে । হাসপাতালে ভর্তি করানোর পর পাওয়া যায় হেপাটাইটিস ই পজিটিভ। আইসিইউ-তে নেওয়ার তিনদিনের মাথায় আন্টি মারা যান। কারণ ছিল কারডিও রেসপাইওরিটি ফেইলিউর।’

রিফাত নামে এক যুবকের ফেসবুক স্ট্যাটাস

ওই স্টাটাসে রিফাত আরও লিখেন,‘সুস্থ একজন মানুষ তিনদিনের মধ্যে আর পৃথিবীতে নেই ব্যাপারটা ওর জন্য আর ওর ফ্যামিলির জন্য মেনে নেওয়া টাফ ছিল। আমরাও এটাকে শুধুমাত্র এক্সিডেন্টাল ডেথ ধরে নিতে পারতাম। ঠিক তখনই গতকাল ইফতেখার জিৎ ভাইয়ার সট্যাটাসে দেখলাম ইস্ট ডেল্টার ইয়াসির আরাফাত বাবন ভাইয়ের মৃত্যুর খবর। এরপর আরও আরও এবং আরও আসতে লাগলো। সবার মৃত্যুর ধরণ প্রায় একই। হেপাটাইটিসই ধরা পড়ছে। আর কিছুদিনের মধ্যে লিভার ফেইলিউর হচ্ছে, কার্ডিয়াক এরেস্ট হচ্ছে।’

রিফাতের এই স্টাটাসটি ‘চিটাগং লাইভ’ নামে একটি ফেসবুক ফেইসে শেয়ার করার পর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হালিশহরসহ চট্টগ্রাম নগরীর বাসিন্দারা ফেসবুকে সমালোচনার জড় তুলেন। তাদের অনেকে জন্ডিসের প্রার্দুভাবের জন্য ওয়াসার দূষিত পানিকে দোষারোপ করছে।

এ ব্যাপারে খোঁজ নিয়ে এই প্রতিবেদক, হেপাটাইটিস-ই তে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। দুইজনের মৃত্যু সনদেই মৃত্যুর কারণ হিসেবে হেপাটাইটিস-ই আক্রান্ত হওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।

তারা একজন হলেন, ইয়াছির আরাফাত, অন্যজন শাহেদা মিলি। ইয়াছির আরাফাত গত ২২ জুন সকাল পৌনে ৬টায় বিআরবি হসপিটাল লিমিটেড-এ ভর্তি হন। দুই দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন রাত সোয়া ১টার দিকে তিনি মারা যান। অপর দিকে শাহেদা মিলি গত ১৭ জুন দুপুরে হাসপাতালে ভর্তি হন এবং ওই দিনেই তার মৃত্যু হয়।

মে মাসের মাঝামাঝিতে জন্ডিসে আক্রান্ত হন হালিশহরের পূর্ব রামপুর এলাকার বাসিন্দা সুলতান আহমেদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘মে মাসের মাঝামাঝিতে আমি এবং আমার এক ছেলে জন্ডিসে আক্রান্ত হই। এসময় আমাদের পাশের দুটি ভবনেরও দুই পরিবারের আরও সাতজন জন্ডিসে আক্রান্ত হয়।’

হালিশহর এলাকার আরেক বাসিন্দা গোলাম মর্তুজা আলী জানিয়েছেন, মে মাসের শুরু দিকে তার স্ত্রী ও মেয়ে জন্ডিসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী হেপাটাইটিস-সি তে আক্রান্ত হন। শুধু আমাদের পরিবারের লোকজনই নয়, তখন হালিশহরের প্রায় প্রতিটি পরিবারের দুয়েকজন করে জন্ডিসে আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে ওই প্রকোপ আবারও দেখা দিয়েছে।’

শাহিদা মিলির ডেথ সার্টিফিকেট

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন,‘দূষিত পানি এবং দূষিত খাবার, দুটোতেই হেপাটাইটিস-ই ছড়ায়। এই রোগে আক্রান্ত হলে গর্ভবতীদের প্রতি পাঁচজনের একজন মৃত্যু ঝুকিতে থাকেন।’ হালিশহর এলাকায় দূষিত খাবার পানি থেকেই হেপাটাইটিস-ই ছড়িয়ে পড়ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘তাদের খাওয়া ও ব্যাবহারের পানি বিশুদ্ধ হওয়া প্রয়োজন। কারও জন্ডিস হওয়া মাত্র হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। জন্ডিসের এই প্রকোপ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম ওয়াসা, জনপ্রতিনিধিগণ, সামাজিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসহ স্থানীয় সরকার বিভাগের সমন্বয় জরুরি।’

ওয়াসার পানি থেকেই পানিবাহিত এই রোগ ছড়িয়ে পড়ছে স্থানীয়দের এমন অভিযোগ থাকলেও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ তা অস্বীকার করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘একজন মারা গেছেন নাকি দুইজন সেটি বড় কথা নয়। মানুষ মারা যাচ্ছেন, কেন তাদের মৃত্যু হয়েছে সেটি খুঁজে বের করাটাই গুরুত্বপূর্ণ। তাই সুনির্দিষ্ট কোনও প্রতিষ্ঠানকে দোষারোপ না করে হালিশহর এলাকার মানুষগুলো কেন মারা যাচ্ছেন সেটা খুঁজে বের করা উচিত।’

তিনি আরও বলেন, হালিশহর নগরীর নিচু এলাকাগুলো মধ্যে অন্যতম। এই এলাকা অধিকাংশ সময় পানিতে তলিয়ে যায়। পানির যত আন্ডার গ্রাউন্ড ট্যাংক আছে সবগুলো পানিতে ডুবে যায়। মানুষের মলমূত্রসহ যত ধরনের আবর্জনা আছে এগুলো পানিতে মিশে আন্ডারগ্রাউন্ড ট্যাংকে যাচ্ছে, টিউবওয়েলে প্রবেশ করছে। আর এসব পানিই হালিশহর এলাকার বাসিন্দারা খাচ্ছে ও ব্যবহার করছে। দূষিত পানি পান করার কারণে তারা হেপাটাইটিস-ই তে আক্রান্ত হচ্ছে।’

ফজলুল্লাহ বলেন,‘আমরা পত্রিকার মাধ্যমে এই এলাকার বাসিন্দাদের পানি ফুটিয়ে খাওয়ার এবং ব্যবহার করার জন্য বার বার বলে আসছি। ওই এলাকার বাসিন্দারা যদি আমাদের কথা না শুনেন, তখন আমাদের কিছু করার থাকে না।’

ওয়াসা বিশুদ্ধ পানি সরবরাহ করে জানিয়ে তিনি বলেন, ‘ওয়াসার পানিতে যদি জীবানু থাকতো তাহলে নগরীর অন্য এলাকার বাসিন্দারাও হেপাটাইটিস-ই তে আক্রান্ত হতো। কিন্তু সেটি তো হচ্ছে না। তারমানে ওয়াসার পানিতে কোনও জীবানু নেই।’

ওয়াসার এমডি এ কে এম ফজলুলাহ আরও বলেন,‘ওয়াসা নগরীর ৩০টি পয়ন্টে থেকে পানি সংগ্রহ করে পরীক্ষা করে দেখবে।’

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী