চাঁদপুর শহরের মেঘনার মোহনায় দুইটি বলগেটের মুখোমুখি সংঘর্ষে সিলেকশন পাথর বোঝাই বলগেট ডুবিতে নিখোঁজ শ্রমিক রিপন শেখের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুন) সকালে ডুবুরিরা দুর্ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ডুবে যাওয়া বলগেটের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।
রিপন শেখ ফরিদপুর জেলার বোয়ালমারি থানার দুর্গাপুর গ্রামের ছলেমান শেখের ছেলে।
চাঁদপুর নৌ পুলিশের অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, সোমবার সকালে কুমিল্লার মেঘনা ঘাট থেকে সিলেটসেন্ড বালু বোঝাই করে এমডি দুলাল (এম নং-৬০৬২) খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। চাঁদপুরের মেঘনা মোহনায় আসার পর দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি হাজী সালাম পোড়ামানিক-১ (এম নং-১৩৯২৩) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে এমভি দুলাল বলগেটটি মেঘনার মোহনায় ডুবে যায়। বলগেটের মাস্টার ও অন্যান্যরা সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও মেশিন রুমে থাকা গ্রিজার রিপন শেখ ওই বলগেটের সঙ্গে পানিতে তলিয়ে যায়। সজোরে ধাক্কা দেওয়া এমভি হাজী সালাম পোড়ামানিক-১ বলগেটটি মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আটক করেছে।
এ ব্যাপারে মামলা হওয়ার পর ডুবুরিরা মঙ্গলবার সকালে ডুবে যাওয়া বলগেটের ভেতরে তল্লাশি চালিয়ে রিপন শেখের মৃতদেহ উদ্ধার করে।








