চট্টগ্রামের হালিশহর এলাকায় জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার ঘটনায় ওই এলাকায় সরবরাহ করা ওয়াসার পানি পরীক্ষার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম নিটি করপোরেশন। বৃহস্পতিবার (২৮ জুন) নগর ভবনে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে আহ্ববায়ক করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি ওয়াসার সরবরাহ করা পাইপ লাইন ও রিজার্ভার দুই মাধ্যম থেকেই পানি সংগ্রহ করে তা সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাবে। ল্যাবরেটরিতে পরীক্ষার পর আগামী এক সপ্তাহের মধ্যে তারা করপোরেশনে রিপোর্ট জমা দেবেন।'
কমিটির অপর দুই সদস্য হলেন, ডেপুটি সিভিল সার্জন ডা.হুমায়ুন কবির ও ওয়াসা’র সহকারি প্রকৌশলী ইফতেখারুল্লাহ মামুন।
বৈঠকে মেয়র আ জ ম নাছির উদ্দিনের পাশাপাশি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যান এ কে এম ফজলুল্লাহ, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান এবং করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী উপস্থিত ছিলেন।








