নাফিজা (২) নামে এক শিশুকে চুরির চেষ্টার অভিযোগে আনোয়ারা বেগম বেবি (৪০) নামে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে ওই শিশুর স্বজনরা। সোমবার (২ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
চুরি হওয়া শিশুটির নাম নাফিজা। নাফিজা কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ছৈয়দপাড়ার শাহজাহানের মেয়ে। শাহজাহান চট্টগ্রাম খাদ্য গুদামে চাকরি করেন। অন্যদিকে চুরির অভিযোগে আটক আনোয়ারা বেগম চট্টগ্রামের সীতাকুণ্ড থানার হাজীপাড়া নূর আলম বাড়ির আবুল হাশেমের স্ত্রী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ড থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই শিশুর স্বজনরা দেখে ফেলেন। পরে তারা আনসার সদস্যদের সহযোগিতায় ওই নারীকে আটক করে আমাদের কাছে সোপর্দ করে। আমরা তাকে আটক করে পাঁচলাইশ থানায় পাঠিয়ে দিয়েছি। বর্তমানে ওই নারী পাঁচলাইশ থানায় রয়েছে।’
শিশু নাফিজার বাবা শাহাজাহান বলেন, ‘৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি এক আত্মীয়কে দেখতে আমি স্ত্রীসহ হাসপাতালে আসি। হাসপাতালে ওই আত্মীয়ের সঙ্গে কথা বলার সময় আনোয়ারা বেগম আমাদের মেয়েকে চুরি করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি হঠাৎ আমাদের চোখে পড়লে আমরা তাকে ধরার চেষ্টা করি। এ সময় ওই নারী আমার মেয়েকে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে আমরা দায়িত্বরত আনসার সদস্যদের সহযোগিতায় তাকে ধরে পুলিশে দিয়েছি।’
পাঁচলাইশ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সুর্বণা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশু চুরির অভিযোগে এক নারীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।’








