নানিয়ারচর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৫ জুলাই নির্বাচন হবে। চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও প্রত্যাহারের শেষ দিনে এক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান একথা জানিয়েছেন।
৩ মে নিজ কর্যালয়ের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা হলেন, প্রগতি চাকমা, কল্পনা চাকমা ও প্রণতি চাকমা। এর মধ্যে প্রগতি চাকমা ও কল্পনা চাকমা ইউপিডিএফ সমর্থিত এবং প্রণতি চাকমা জেএসএস (এমএনলারমা) সমর্থিত প্রার্থী বলে স্থানীয়ভাবে জানা গেছে। প্রার্থীরা তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, ‘নানিয়ারচর উপজেলা পরিষদ উপ-নির্বাচনের চারটি মনোয়নপত্র পেয়েছিলাম তার মধ্যে একজন রূপম দেওয়ান নামে একজন প্রার্থিতা প্রত্যাহার করেন। ৪ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।’
প্রসঙ্গত, শূন্য পদে উপ-নির্বাচনের জন্য গত ১১ জুন রাঙামাটি জেলা নির্বাচন অফিসার ও নানিয়ারচর উপজেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ২৬ জুন মনোনয়নপত্র বাছাই, ৩ জুলাই রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। ৪ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ২৫ জুলাই নানিয়ারচর উপজেলা পরিষদ শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।








