কক্সবাজারের চকরিয়ায় বিষধর সাপের বাক্স থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় সাপসহ দুজন সাপুড়েকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজার থেকে ঢাকায় পাচারকালে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলো– ঢাকার সাভার এলাকার সাজিদ আলীর ছেলে মো. বুরুজ মিয়া (৪৮) ও কছম মিয়ার ছেলে সাদেক মিয়া (৫০)। বিষধর সাপের সঙ্গে ইয়াবা পাচারের ঘটনা বাংলাদেশে এটিই প্রথম বলে জানায় পুলিশ।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আলমগীর হোসেন মুঠোফোনে জানান, পুলিশের চৌকি দেখে বাস থেকে নেমে পায়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের চকরিয়া থানায় সোপর্দ করা হয়।








