কক্সবাজারে অস্ত্র মামলায় দুই জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত (প্রথম)। একই মামলার দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। রবিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এই আদেশ দেন।
সাজা পাওয়া আসামিরা হলো– মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার মৃত মোস্তাক মিয়ার ছেলে বজল আহমদ এবং একই উপজেলার হরিণারঝিরি এলাকার মোহাম্মদ হোসেনের স্ত্রী সায়েরা খাতুন।
আদালত সুত্রে জানা যায়, ২০০১ সালে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তাদের আটক করা হয়। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন বিচারক। তবে দণ্ড পাওয়া আসামিরা পলাতক রয়েছে।
কক্সবাজার দায়রা জজ আদালত (প্রথম) এর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।








