জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর খুলশি থানাধীন মুরগির ফার্ম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মোহাম্মদ শওকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। একই অভিযানে আরও ছয়-সাতজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
হাসান মোহাম্মদ শওকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে খুলশী এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়। এসময় আরও ছয়-সাতজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।’
গ্রেফতারের সময় কোনও কিছু উদ্ধার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে। শাহজাহান চৌধুরীর নামে নাশকতাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা দায়ের রয়েছে বলে তিনি জানান।
এর আগে গত ২৪ জুন রাতে শাহজাহান চৌধুরী ভেবে কুতুবদিয়ার পীর মরহুম আব্দুল মালেকের ছেত্রে শেখ ফরিদ আল কতুবীকে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ শেখ ফরিদ আর কতুবীকে ছেড়ে দেয়।








