ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট মোড়ে একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে
ইজিবাইক চালক মানিক মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার রেজাউল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ থেকে দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী যাচ্ছিল। এসময় একটি ইজিবাইক পুনিয়াউট চোরাস্তা মোড় অতিক্রম করার সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মানিক প্রাণ হারায়। এসময় আহত হয় ৩ জন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে ঘটনার পরপরই উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার রেজাউল কবীর জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








