দলীয় নেতাকর্মীসহ ৭ জনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে সোমবার (২০ আগস্ট) ভোর থেকে খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ডাকা অর্ধদিবস সড়ক অবরোধ চলছে। ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফোরামের ডাকে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
অবরোধে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। সোমবার বেলা ১২টা পর্যন্ত চলবে সড়ক অবরোধ। এখনও পর্যন্ত জেলার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান জানিয়েছেন, শনিবার খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে নিমর্ম হত্যাকাণ্ডে জড়িতদেরসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে খাগড়াছড়িতে। অবরোধে নিরাপত্তা বিধানে পুলিশের বাড়তি সদস্য মোতায়ন করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১৮ আগস্ট) সকালে খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারায় ইউপিডিএফ সমর্থিত পিসিপি’র খাগড়াছড়ি শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাসহ ৬ জন। হামলার সময় পালাতে গিয়ে আরেক বৃদ্ধ রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে মারা যান। নিহত ৭ জনের মধ্যে ৪ জনই সাধারণ জনগণ।








