বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা বৈঠক হয়েছে। শনিবার সকালে মিয়ানমার বিজিপির জিম্বংচং ক্যাম্পে অধিনায়ক পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমারে চলে যাওয়া ৯টি মহিষ ফেরত দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন টেকনাফ বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী। মিয়ানমারের সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ন্যা মাঈন টুও।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী।
তিনি জানিয়েছেন, শনিবার সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা এবং বর্তমান সীমান্ত পরিস্থিতি নিয়ে অধিনায়ক পর্যায়ে সে দেশে জিম্বংচং ক্যাম্পে বিজিবি-বিজিপির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় বাহিনীর মধ্যে তথ্য বিনিময়, সীমান্তে নিয়মিত যৌথ টহল, ইয়াবা প্রতিরোধ, সীমান্ত পরিস্থিতিসহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।
তবে এর আগের দিন বাংলাদেশ থেকে নাফনদী পার হয়ে ৯টি মহিষ মিয়ানমারে চলে যায়। তার সূত্র ধরেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ৯টি মহিষ ফেরত দেওয়া হয় বিজিবিকে।








