চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে এক হাজার ৯০০ পিস ইয়াবাসহ মো. রবিউল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব। রবিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পটিয়ার পারিগ্রাম মোল্লাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
রবিউল ইসলাম বান্দরবানের আলীকদম থানার দক্ষিণ পালংপাড়া এলাকার মো. আবুল কালামের ছেলে।
মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান,‘রবিউল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে মিমতানুর ইয়াবা ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় মোল্লাপাড়ার নজরুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসা থেকে এক হাজার নয়শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








