ফার্নিচার বোঝাই ট্রাক থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উদ্ধার ইয়াবাগুলো পাচারের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম।
এর আগে শুক্রবার ভোরে মিরসরাই উপজেলার রেদোয়ান পেট্টোল পাম্পের সামনে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে র্যাব।
সাইরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,‘ফার্নিচার বোঝাই ট্রাক থেকে উদ্ধার হওয়া ইয়াবা পাচারের সঙ্গে এসআই বদরুদ্দোজা মাহমুদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ ঘটনায় খুলশী থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির চালায় র্যাব সদস্যরা। এ সময় ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় র্যাব সদস্যরা ট্রাকটি থামিয়ে তাতে তল্লাশি চালায়। এসময় ওই ট্রাকে থাকা স্টিলের একটি ফাইল কেবিনেটে ২৯ হাজার ২৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে এ ঘটনায় ওই ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন র্যাব সদস্যদের জানিয়েছেন চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে ঢাকার মোহাম্মদপুরে একটি বাসায় মালামালগুলো নিয়ে যাচ্ছিলেন। ট্রাকে থাকা ফার্নিচারগুলো পুলিশের এসআই বদরুদ্দোজার বলে জানান। পাশাপাশি ওই কেবিনেট থেকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ থেকে চট্টগ্রাম নগর পুলিশে বদলি হয়ে আসা এসআই বদরুদ্দোজার নাম, বিপি নম্বর ও মোবাইল নম্বরসহ সিল লাগানো একটি ডায়েরি উদ্ধার করে র্যাব সদস্যরা। পরে এ ঘটনায় নগরীর খুলশী থানা পুলিশ বদরুদ্দোজাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় মিরসরাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে।








