কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব ও পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একটি প্রাইভেটকারসহ পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো-চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ মুরাদপুর গ্রামের মৃত জতীন্দ্র কুমার নাথের ছেলে অজিত কুমার নাথ, চাঁদপুর মতলব দক্ষিণের ঘোষপাড়া গ্রামের মৃত নারায়ণ ঘোষের ছেলে বিপ্লব ঘোষ চঞ্চল, কুমিল্লার বুড়িচংয়ের জঙ্গলবাড়ি গ্রামের মৃত কাজী নুরুল হকের ছেলে কাজী সিরাজুল ইসলাম, সদর দক্ষিণের উনাইশার গ্রামের হারাধন চন্দ্র ধরের ছেলে শ্রী মিন্টু চন্দ্র ধর ও একই গ্রামের তপন কুমার দাসের ছেলে শ্যামল কুমার দাস।
চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বলেন, ‘দুপুরে মাদকদ্রব্য নিয়ে একটি প্রাইভেটকার ঢাকায় যাচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে গাড়িটি আটক করি। গাড়িতে থাকা অজিত কুমার নাথ নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব পরিচয়ে একটি ভিজিটিং কার্ড দেন এবং নিজেকে ৩৪তম বিসিএস ক্যাডার বলে দাবি করেন। অপরদিকে বিপ্লব ঘোষ নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করি।’
এসআই আরিফ জানান, পরে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেন। তাদের বিরুদ্ধে ১৭০/১০৯ ধারায় মামলা দায়ের করা হয়। বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।








