কক্সবাজারের টেকনাফ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। সোমবার (১০ সেপ্টেম্বর) ভোররাত ৫টার দিকে টেকনাফের লম্বরীঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা।
টেকনাফ কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার ফয়জুল ইসলাম মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা টেকনাফ উপজেলার লম্বরীঘাট এলাকায় অভিযান চালান। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবা কোস্টগার্ড অফিসে রাখা হয়েছে।








