নোয়াখালীতে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোরে জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মেঘনা নদীর কাটাখালি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি শুটারগান, দুটি কার্টুজ, একটি কুড়াল, একটি ছোরা ও একটি বোট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, জুম্মা বাহিনীর প্রধান জুম্মা ডাকাত (৩০), তার সেকেন্ড ইন কমান্ড শাহেদ উদ্দিন (২৮), ডাকাত সজিব (২৫), সম্পদ উদ্দিন (২৩) ও রাশেদ উদ্দিন (২২)।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কাটাখালি এলাকার মেঘনা নদীর পাশের খালের প্রবেশ মুখে অবস্থান নেয় কোস্টগার্ড। এসময় ডাকাতি করে ফেরার পথে জুম্মা ডাকাতের দলকে খালের মুখে ঘিরে ফেলে কোস্টগার্ড সদস্যরা। পরে একটি বোট, অস্ত্র ও গুলিসহ জুম্মা ও তার দলের চারজনকে আটক করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান, ডাকাত সর্দার জুম্মা ও তার সহযোগী শাহেদের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








