টাকা দিয়ে নিতে হচ্ছে বিনামূল্যের ঘর

সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর
১৩ অক্টোবর ২০১৮, ১৮:০০আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৮:০৩

হাজীরপাড়া ইউনিয়নের একটি ঘর লক্ষ্মীপুর সদর উপজেলায় গৃহহীনদের বিনামূল্যের সরকারি ঘর পেতে টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। টাকা দেওয়ার পরই তালিকায় নাম উঠছে। এছাড়া টাকা দিয়েও এখনো ঘর পাননি তারা। ২০১৭-১৮ অর্থবছরে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে এসব ঘর ৩০ জুন নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, নির্মাণ কাজ এখনও শেষ হয়নি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ উপখাতের আওতায় এসব ঘর দিচ্ছে সরকার। সদর উপজেলায় ২৯৬টি ঘর নির্মাণের অনুমোদন দেওয়া হয়। সদর ইউএনওকে প্রকল্পের সভাপতি করে তার অনুকূলে বরাদ্দ দেওয়া হয় ২ কোটি ৯৬ লাখ টাকা। এরপর দুস্থদের শনাক্ত করে ৩০ জুনের মধ্যে গৃহনির্মাণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী গত ৫ জুন উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাইয়ের জন্য নির্দেশ দেন প্রকল্পের সভাপতি। যাচাই-বাছাই শেষে তালিকা থেকে বাদ দেওয়া হয় ৫১টি নাম। তবে নির্ধারিত সময়ের পরও ঘর না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন তালিকাভুক্তরা।

সদর উপজেলার হাজীরপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রৌশন আরা বেগম অভিযোগ করেন, ইউপি সদস্য মাসুদ রানা শর্ত দেন, অফিস খরচ বাবদ ১০ হাজার টাকা দিলেই ঘর মিলবে। বাধ্য হয়ে ঋণ করে এ টাকা দেন।

শুধু রৌশন আরাই নন, একই অজুহাতে ওই এলাকার পাঁচটি দুস্থ পরিবারের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে জানা গেছে। টাকা নেওয়া হয়েছে হাজীরপাড়া ইউনিয়নের তালিকাভুক্ত মোট ১২৫টি পরিবারের কাছ থেকে।

ইউপি সদস্য মাসুদ রানা বলেন, ‘এসব ঘরের তালিকা সাবেক ইউপি মেম্বার করে গেছেন। নির্বাচিত হওয়ার পর কারও কাছ থেকে কোনও টাকা নেইনি।’

হাজীরপাড়া ইউপি চেয়ারম্যান মো. শামছুল আলম বলেন, ‘এ ইউনিয়নের ১২৫টি দুস্থ পরিবারের জন্য গৃহ নির্মাণের বরাদ্দ এসেছে। কারও ঘরই এখনও নির্মাণ করা হয়নি। কাউকে টাকার বিনিময়ে ঘর দেওয়া হচ্ছে না।’

সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের কাপিলাতলী গ্রামের দিনমজুর আব্দুস ছাত্তারের স্ত্রী হাজেরা বেগম জানান, সরকারি ঘরের জন্য নাম তালিকাভুক্ত করতে তাকে ১৫ হাজার টাকা দিতে হয়েছে। একইভাবে ওই গ্রামের রফিক উল্যা, ওহিদ মিয়াসহ অনেকের নাম ১০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় সংসদ সদস্য মো. নোমান এমপির ব্যক্তিগত সহকারী মো. নোমান এসব টাকা নিচ্ছেন।

অভিযোগের বিষয়ে মো. সুমন বলেন, বরাদ্দ পেতে হলে বেশি বেশি তদবির করতে হয়। তদবির না করলে বরাদ্দ আসে না। তবে ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ সত্য নয়।

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য মো. নোমান এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী অসহায় দুস্থ পরিবারের কথা চিন্তা করেই ঘর নির্মাণের বরাদ্দ দিয়েছেন। এখানে কোনও অনিয়ম বা টাকা আত্মসাতের অভিযোগ থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

উপকারভোগী ও স্থানীয়রা জানান, যারা ঘরের জন্য টাকা দিয়েছেন, তাদের নাম তালিকায় এসেছে। এরমধ্যে দক্ষিণ হামছাদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম চারটি ঘর বাবদ ১ লাখ টাকা ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি মো. তোহা মিয়া চারটি পরিবারের কাছ থেকে ৮০ হাজার টাকা নেন। অভিযোগের বিষয়ে জানতে মোবাইলফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।

লক্ষ্মীপুর সদর উপজেলা ইউএনও ও প্রকল্পের সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘প্রকল্প কর্মকর্তার বদলির কারণে কিছুটা অসঙ্গতি সৃষ্টি হয়েছিল। প্রকৃত অসহায় ও দুস্থ পরিবার শনাক্ত করতেও একটু বেশি সময় নেওয়া হয়েছে। শিগগিরই তাদের ঘর তৈরি করে দেওয়া হবে। তবে টাকার বিনিময়ে তালিকায় নাম ওঠানো বা ঘর দেওয়ার বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম