রাঙামাটি জেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়ার লক্ষ্যে শুকরছড়ি উপকেন্দ্রটি রবিবার দুপুর থেকে চালু করা হয়েছে। এই উপকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ফলে রাঙামাটি জেলার বিদ্যুৎ বিপর্যয় অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ।
রাঙামাটির বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ৩৫ কোটি টাকা ব্যয়ে এই উপকেন্দ্রের কাজ শুরু হয়। প্রথমে এই উপকেন্দ্র থেকে একটা লাইন খাগড়াছড়ি জেলার ঠাকুরছড়ি এলাকাসহ ৮টি উপজেলায় এবং রাঙামাটির ৩টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করছে।
পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক জাফর আহম্মদ জানান, এই উপকেন্দ্রটি চালু হওয়ায় রাঙামাটি জেলার বিদ্যুৎ চাহিদা অনেকাংশে সমাধান হবে। এই উপকেন্দ্র থেকে একটা লাইন খাগড়াছড়ি জেলায় গেছে। আরেকটি লাইনের মাধ্যমে রাঙামাটি জেলায় ১৫ মেগাওয়াট বিদ্যুৎ বিতরণ করা হবে। আগে চন্দ্রঘোনা গ্রিড থেকে বিদ্যুৎ বিতরণ করা হলেও এখন এই উপকেন্দ্র থেকে বিদ্যুৎ বিতরণ করা হবে।
তিনি আরো জানান,‘আগে সামান্য বৃষ্টি বা বাতাস হলে বা লাইনে কোনও সমস্যা হলে তা খুজে বের করতে ঘণ্টা দু ঘণ্টারও বেশি সময় লাগতো। এখন হয়তো ৩০ মিনিটের মধ্যেই এই সমস্যার সমাধান করা যাবে।লো ভোল্টেজের কারণে শহরের ছোট ছোট শিল্প কারখানাগুলোতে কাজ করতে সমস্যা হতো। এখন আর সেই সমস্যা হবে না। এই উপকেন্দ্রটির অবকাঠামোগত অনেক কাজ বাকী আছে। তারপরও রাঙামাটির মানুষের কথা চিন্তা করে আগে উপকেন্দ্রটি চালু করা হয়েছে।








