কুমিল্লার বিষ্ণুপুরে সুজন (২০) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের তোতা রোবেলের বিরুদ্ধে। রবিবার (১৪ অক্টোবর) রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুস সালাম মিয়া এ তথ্য জানিয়েছেন।
নিহত মো. সুজন কুমিল্লা চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার মিজান মিয়ার ছেলে। তিনি বিষ্ণুপুরে সপরিবারে মকিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। কালিয়াজুড়ি আইনউদ্দিন শাহ মাজারের তাদের একটি ডেকোরেটরের দোকান রয়েছে। সুজন ওই দোকানেই বসতেন এবং ডেকোরেটরের কাজ করতেন।
নিহত সুজনের বাবা জানান, তার ছেলে রাতে দোকান থেকে বাসায় এসে ভাত খাওয়ার পর তোতা রোবেল ফোন দিয়ে সুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত ১২টার দিকে খবর আসে সুজনকে ছুরিকাঘাত করা হয়েছে। তখনি তিনি ও তার পরিবারের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। ঢাকা নেওয়ার পথে গাড়িতেই সুজন মারা যায়।
সুজনের বাবার দাবি, মৃত্যুর আগে তার ছেলে নিজ মুখে বলে গিয়েছে তোতা রোবেলের গোপন তথ্য যাতে ফাঁস না হয় তার জন্যেই তাকে ছুরিকাঘাত করা হয়েছে।
মিজান মিয়া আরও জানান, তার ছেলেকে আরও একবার রোবেল হত্যার চেষ্টা করেছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুস সালাম মিয়া বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি। তবে তোতা রোবেলকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।’








