বান্দরবান জেলায় শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হয়েছেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি। যৌতুক ও বাল্যবিয়ে নিরোধ, বাজার মনিটরিং; মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পাথর, বালু উত্তোলন ও পাচার নিরোধ; পরিবেশ সুরক্ষায় পাহাড় কর্তন প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা এড়াতে পরিবহন সেক্টরের লোকদেরকে কর্মশালার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করায় তাকে শ্রেষ্ঠ ইউএনও মনোনীত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, ‘লামা উপজেলায় একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন। ভৌগলিক অবস্থানের দিক দিয়ে সদর থেকে বিভিন্ন ইউনিয়নের দূরত্ব বেশ দুর্গম। সরকারের সৃজিত কর্মসূচির সফল বাস্তবায়নে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, নারী উন্নয়ন, নারী সক্ষমতা অর্জন, সরকারের কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে সেবাগ্রহণ ইত্যাদি বিষয়ে লামা উপজেলা দ্রুত এগিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে স্ব-স্ব ধর্মের লোকজনের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা দ্রুত ক্রমবিকাশ হচ্ছে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’
নূর-এ-জান্নাত রুমি বিসিএস ৩০তম ব্যাচের ক্যাডার। তিনি গত ২৮ মার্চ লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি জামালপুর ও বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার এবং বান্দরবান সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করেন।








