লক্ষ্মীপুরে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, ২০১৮ সালে এসে কোনও ব্যক্তি বা গোষ্ঠী যদি মনে করে আবার ২০১৩-১৪ সালের মতো অগ্নিসন্ত্রাস করবেন, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকবে না। রবিবার বিকালে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে জেলা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলেন, ‘শেখ হাসিনার সরকারের অধীন ২০১৮-এর নির্বাচনে কোনও ব্যক্তি বা গোষ্ঠী বাধা হলে অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আঙুল তুললে তার আঙুল গুঁড়িয়ে দেওয়া হবে। ওই হাত ভেঙে ফেলা হবে। কারণ, দেশের জনগণ এখন অনেক সচেতন। আর পুলিশও অনেক সক্ষমতা অর্জন করেছে।’
তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিং শক্তিশালী করে জনসম্পৃক্ততার মাধ্যমে পুলিশকে সমাজ পরিবর্তনে আরও ভূমিকা রাখতে হবে। কোনও ওসি কিংবা এসআই কমিউনিটি পুলিশকে সহযোগিতা না করে কোনও ধরনের অনিয়ম করলে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া হবে বলে জানান তিনি।
পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমদ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।








