কক্সবাজারের মহেশখালীতে ৬টি লম্বা বন্দুক ও ৩৭ রাউন্ড তাজা গুলিসহ ১০ জলদস্যুকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-০৭) সদস্যরা। সোমবার (৫ নভেম্বর) ভোর রাত ৫টার দিকে দ্বীপ উপজেলা মহেশখালীর বঙ্গোপসাগর চ্যানেলে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও জলদস্যুদের আটক করা হয়।
আটককৃত জলদস্যুরা হলেন, মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার মো.ইউনুছের ছেলে আাব্দুল গফুর (২২), আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৮), জাফর আহমদের ছেলে মোহাম্মদ তারেক (৩০), জালাল আহমদের ছেলে আবুল হোসেন (২৫), গোলাম হোসেনের ছেলে ছৈয়দুল ইসলাম (৩৫), কুতুবদিয়া উপজেলার কবির আহমদের ছেলে মো. করিম (২৫), ফজল করিমের ছেলে তাহের মিয়া (২৫), মহেশখালী কালারমারছড়া এলাকার নুরুল আলমের ছেলে মো. জুয়েল (২৬), ছব্বির আহমদের ছেলে নুরুল হক (৩২) ও বান্দরবান জেলার মোহাম্মদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫)।
র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারেন যে বঙ্গোপসাগরের মহেশখালী এলাকায় মাছ ধরার ট্রলারে ডাকাতি হচ্ছে। এখবরে র্যাব সদস্যরা অভিযানে নামেন। র্যাবের অভিযানে অন্য জলদস্যুরা পালিয়ে গেলেও ১০ জলদুস্যুকে আটক করতে সক্ষম হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত নৌকায় তল্লাশি করে ৬টি দেশীয় তৈরি লম্বা বন্দুক ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতের কবল থেকে তিন জেলেকে উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক চিকিৎসা ও জিজ্ঞাসাবাদ করার পর কক্সবাজার সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।








