ইয়াবাসহ আটক চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানায় কর্মরত পুলিশের এএসআই মোশারফ হোসাইনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন।
মোশারফ সীতাকুণ্ড থানাধীন সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাটস্থ পূর্ব বাঁকখালী লোহারপুর এলাকার বাসিন্দা নরুল ইসলামের ছেলে।
এর আগে সোমবার (৫ নভেম্বর) রাতে ইয়াবা বিক্রির সময় স্থানীয়রা ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরে ওই দিন রাতে সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল মোতালেব বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ওসি দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার মধ্য রাতে ১০ পিস ইয়াবাসহ স্থানীয়রা এএসআই মোশারফকে আটক করে। পরে তারা তাকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মোতালেব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'
জেলা পুলিশের আদালত পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সীতাকুণ্ড থানা পুলিশ মোশারফকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট হেলাল উদ্দিনের আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’








