চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে চাঁদপুর-১ আসনে তিনজন, ২ আসনে দু’জন, ৩ আসনে চারজন, ৪ আসনে তিনজন ও ৫ আসনে তিনজন। মনোনীত ১৫ জনের মধ্যে ১২ জন বিএনপি নেতা। আর তিনজন নাগরিক ঐক্য, জাতীয় পার্টি ( কাজী জাফর) ও এলডিপির নেতা।
বিএনপি সূত্রে জানা গেছে, চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন ও তার স্ত্রী নাজমুন নাহার বেবী এবং দলের কার্য নির্বাহী কমিটির সদস্য মোশারফ হোসেন।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. জালাল উদ্দিন ও তানভির হুদা।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর উপজেলা) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, মাহমুদুর রহমাম মান্নার নাগরিক ঐক্যের নেতা ফজলুল হক সরকার, ২০ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে ধানের শীষের প্রতীকে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হান্নান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, বিএনপি নেতা নসরুল্লাহ নসু।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি এম এ মতিন, বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক, এলডিপির কেন্দ্রীয় নেতা ড. নেয়ামুল বশির।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিম উল্যা সেলিম বলেন, ‘আমরা চাঁদপুর-৩ আসনে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদের মনোনয়ন বুঝে পেয়েছি। জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মী তাকেই প্রার্থী হিসেবে চায়।’








