মনোনয়ন নিয়ে বিএনপি নাটক করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি ঋণ খেলাপি, বিল খেলাপি এবং মামলার আসামিদের মনোনয়ন দিয়েছে। এ কারণে তাদের অনেকের মনোনয়ন বাতিল হয়েছে। নিজেদের এই দোষ ঢাকতেই তারা এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। ’
মঙ্গলবার ( ৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন দেওয়ানজি পুকুর পাড় এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
হাছান মাহমুদ বলেন, ‘৪৭ বছর ইতিহাসে বিএনপি এবার সর্বোচ্চ মনোনয়ন দিয়েছে। এবার তারা তিনশ’ আসনের বিপরীতে সারাদেশে ৮শ’ জনকে মনোনয়নপত্র দিয়েছে। তাদের মধ্যে ১শ’ জনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের অধিকাংশই ঋণ খেলাপি ও দণ্ডপ্রাপ্ত আসামি।’
মনোনয়ন নিয়ে বিএনপি ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। রিজভী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অহেতুক মিথ্যাচার করে যাচ্ছে। অসুস্থ সৈয়দ আশরাফকে নিয়েও তারা অপরাজনীতি করছে।’
হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ প্রথম থেকে সতর্ক ছিল। কোনও ঋণ খেলাপি, মামলার আসামি কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। সব ধরনের তথ্য যাছাই-বাছাই করে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।’








