মধ্যরাতে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে বিএনপির প্রার্থী কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের বাসায় তল্লাশি ও ভাঙচুর চালানোর অভিযোগ করেছেন তার মা শায়েস্তা খাতুন। সোমবার (১৭ ডিসেম্বর) বিকালে নগরীর বাদশা মিয়া চৌধুরী রোডের বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন।
শায়েস্তা খাতুনের অভিযোগ করে বলেন, “রবিবার (১৬ ডিসেম্বর) রাত ৩টার দিকে বাসায় অনবরত কলিং বেল বাজতে থাকে। কে জিজ্ঞাসা করলে বলা হয় ‘আমরা পুলিশ’। আমি বললাম বাসায় দুই কাজের মেয়ে নিয়ে থাকি। ঘরে কোনও পুরুষ লোক নেই। ডা. শাহাদাতকে ধরে নিয়ে গেছেন। এরপরও কেন আসছেন? আমি দরজা খুলবো না। তারা বলেন, আমরা প্রয়োজনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করবো। এরপর দরজা খুলে দিলে ৮-১০জন পুলিশ ঘরে প্রবেশ করে তল্লাশি করতে থাকে। এক পর্যায়ে তারা আমার বাসার দক্ষিণ পাশের বাথরুমে ভাঙচুর চালায়। গৃহকর্মীদের সঙ্গে দুর্বব্যবহার করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা আমি ও আমার কাজের মেয়েদের কাছ থেকে সাদা কাগজে সই ও টিপ সই নেয়।”
তিনি আরও বলেন, ‘আমার ছেলে জেলে। কোনও প্রচার আমরা চালাতে পারছি না। প্রতিনিয়ত দলের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহৃত সিএনজি ভাঙচুর ও ৫ কর্মীকে এ পর্যন্ত ছুরিকাঘাত করেছে। কোথাও একটি পোস্টারও লাগাতে দিচ্ছে না। রাতের বেলায় পুলিশ নির্বাচনি কাজে নিয়োজিত কর্মীদের বাসায় গিয়ে তল্লাশি করছে।’
তিনি আরও বলেন, ‘আমার এই বার্ধক্য জীবনে দেখিনি। মানুষকে জিম্মি করে এই ধরনের নির্বাচন কেন?’ তিনি ডা. শাহাদাতের মুক্তি ও তার নির্বাচনি কর্মকাণ্ডে নির্বিঘ্নে পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের প্রতি দাবি জানান।








