একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষভাবে জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে নৌকা মার্কার প্রার্থী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে সার্বিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করবো। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষভাবে জোর দেবো। এছাড়া চট্টগ্রামকে ঘিরে সরকার যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, তা বাস্তবায়ন করবো।’ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নওফেল বলেন, ‘নির্বাচিত হলে, আইন প্রণয়ন কমিটির সদস্য হিসেবে চট্টগ্রামের উন্নয়নে সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবো। গণখাতে যে অবকাঠামোগুলো হচ্ছে তার স্বচ্ছতা নিশ্চিত করবো। এখানে নারীরা এখনও অবহেলিত। তাদের জীবন-মান উন্নয়নের জন্য কাজ করবো। সব ধর্মের অনুসারীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবো।’
আওয়ামী লীগের এই প্রার্থী আরও বলেন, ‘দেশের মানুষ আজ অন্ন, বস্ত্র, বাসস্থানের স্বপ্ন দেখে না। থ্রি জি, ফোর জি বা উন্নত দেশের স্বপ্ন দেখে। দিন বদলের এই সক্ষমতা শেখ হাসিনা সরকার রাখে। জাতির ভাগ্য বদলে দেবে ইশতেহার। আমরা ইশতেহারের ভিত্তিতে কাজ করে যাবো।’
একই আসনে প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত হোসেনের কারাগারে থাকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নওফেল বলেন, ‘আমি কোনও প্রতিদ্বন্দ্বিকে অসমানভাবে দেখতে রাজি নই। বিএনপির প্রার্থী একজন চিকিৎসকও। কী কারণে তিনি কারাগারে আছেন, সে বিষয়ে মন্তব্য করতে চাই না।’ তিনি বলেন, ‘একজন ব্যক্তি হিসেবে বলতে চাই, তার পরিবার যদি অশান্তিতে থাকে, তবে তার পরিবারের প্রতি আমিও সমব্যথী।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—তার নির্বাচনি সমন্বয়ক অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এফতেখার সাইমুল চৌধুরীসহ কোতোয়ালি আসনের আওয়ামী লীগ নেতারা।








