জনগণ আওয়ামী লীগকে আর ভোট দেবে না বলে মন্তব্য করছেন কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ ও বিক্ষুব্দ। তারা আওয়ামী লীগকে আর ভোট দেবে না। জনগণের কাছে আওয়ামী লীগ ভোট চাওয়ার অধিকার হারিয়েছে।’ সোমবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা-১ আসনের দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নে গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশ ও জনগণকে পদে পদে ঠকিয়েছে। সব ক্ষেত্রে দেশকে পেছনে ঠেলে দিয়েছে। তাদের দুঃশাসন, দুর্নীতি আর গণবিরোধী কর্মকাণ্ডে মানুষ ত্যক্ত-বিরক্ত, বিক্ষুব্দ ও হতাশাগ্রস্ত। জনগণ এখন আওয়ামী লীগের নাম শুনতে পারে না।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আওয়ামী দুঃশাসনে নিষ্পেষিত জনগণ ধানের শীষকে নির্ভরতার প্রতীক হিসাবে গ্রহণ করেছেন। দেশ ও জনগণের জন্য বিএনপি নিরাপদ প্লাটফর্ম। দেশে উন্নয়ন, অগ্রগতি ও শান্তি প্রতিষ্ঠায় বিএনপির কোনও বিকল্প নেই।’
বিএনপির এই প্রার্থী বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ ধানের শীষে ঐক্যবদ্ধ। ধানের শীষ সব এলাকার। নির্বাচনে নিশ্চিত ভরাডুবি হবে আঁচ করতে পেরে সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। ইনশাআল্লাহ, ধানের শীষের গণজোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে।’
এসময় উপস্থিত ছিলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ ও বারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান মাস্টার প্রমুখ।








