খাগড়াছড়িতে নির্বাচনের পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম ফরহাদ। তার দাবি, দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, বাড়ি ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি-গ্রেফতার, দলীয় অফিসে তালা ও প্রচারে বাধা দেওয়া হচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে জনগণের নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির দাবি জানান তিনি।
সোমবার প্রেস ব্রিফিং-ফরহাদ এসব অভিযোগ করেন। তিনি বলেন, গত কয়েক দিনে তার নির্বাচনি এলাকায় ৫৭৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও সহস্রাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ৯টি হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় এর মধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীদের এবং তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে এ পর্যন্ত ৭০ জনকে আহত করা হয়েছে। আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হুমকি-ধামকি দিয়ে বাড়ি ছাড়া করছে। এ পর্যন্ত বাড়িছাড়া করা হয়েছে সহস্রাধিক নেতাকর্মীকে। অনেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে পারছে না।
এছাড়াও আমাদের নির্বাচনি প্রচার এবং গাড়িতে বোমা হামলা, বাধা দেওয়া, পোস্টার ও আগুন দেওয়া এবং দলীয় অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে।
এসব ঘটনা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনকে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানিয়েও কোনও প্রতিকার পাইনি।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী দ্বিজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘বিএনপির এসব অভিযোগ মিথ্যা। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। নির্বাচন বানচালের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি এমন বক্তব্য দিচ্ছে।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এম এন সালাউদ্দিন বলেন, ‘পক্ষ-বিপক্ষের মধ্যে ঘটনা ঘটে নাই এটা বলা যাবে না। যেসব ঘটা ঘটেছে তা নিয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার ও আদালতে সোপর্দ করা করা হয়েছে।’








