নোয়াখালী-১ আসনের (চাটখিল- সোনাইমুড়ি আংশিক) সোনাইমুড়ি উপজেলার নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা চালানো হয়। ব্যালট, নির্বাচনি সরঞ্জামসহ এক আনসার সদস্যসের অস্ত্র লুট করা হয়েছে। এরপর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
রবিবার সকাল ১১টায় দুর্বৃত্তরা এই হামলা চালায়। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, ‘এসময় আনসারের কাছে গুলিভর্তি একটি শর্টগান নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও ব্যালটসহ নির্বাচনি সামগ্রী লুট করে নিয়ে যায় তারা। এসব উদ্ধারে পুলিশ কাজ করছে।’
সোনাইমুড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বীনা পাল বলেন, ‘ঘটনার পর ভোটগ্রহণ স্থগিত রয়েছে।’








