নাশকতার মামলায় চট্টগ্রাম কারাগারে বন্দি বিএনপি নেতা আসলাম চৌধুরী ও জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম এ আদেশ দেন। জেলা পুলিশের আদালত পরিদর্শক বিজন কুমার বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
আসলাম চৌধুরী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও আ ন ম শামসুল ইসলাম নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দল জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমিরের পদে রয়েছেন।
বিজন কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাটহাজারী থানায় দায়ের হওয়া নাশকতার তিনটি মামলায় আজ আসলাম চৌধুরী ও শামসুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।’
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৫ মে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে কানেকশনের অভিযোগে আসলাম চৌধুরীকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর ঋণখেলাপিসহ একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে, সাতকানিয়া থানায় দায়ের করা নাশকতার মামলায় গত ২৪ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত শামসুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।







