রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়ায় জেএসএস (এম এনলারমা) এর একজন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাঘাইছড়ি থানার ওসি এম এ মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের নাম বসু চাকমা (৪৫)। তিনি জেএসএস (এম এনলারমা)-এ সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন দলটির তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা।
সুধাকর ত্রিপুরা বলেন, ‘শান্তিচুক্তি বাস্তবায়নের স্বার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নৌকা প্রতীকের সমর্থনে কাজ করেছি। সন্তু লারমার জেএসএস সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করলে ইউপিডিএফ তাদের সমর্থন দেয়। আমরা ধারনা করছি, এই দুটি গ্রুপ এক হয়ে কিংবা দুই গ্রুপের যেকোনও একটি গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।’
তবে ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চামকা এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা নিয়ে খাওয়া দাওয়া করে মজা করার সময় তাদের মধ্যে কোনও ঝামেলার কারণে এই ঘটনা হতে পারে। বাবুপাড়া তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা। সেখানে আমাদের কোনও লোকজন নেই। আমাদের কেন দায়ী করছে তা জানি না। এই ঘটনার সঙ্গে কোনোভাবেই আমরা জড়িত না।’
পুলিশ জানায়, শুক্রবার রাতে বসু চাকমা নিজের বাসায় রাতের খাবার খাচ্ছিলেন। এমন সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে বাঘাইছড়ি থানার এএসআই মো. মাসুদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজন পাহাড়ি ব্যক্তির লাশ দেখতে পাই। সেখান থেকে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।’








