বারমিজ আচারের প্যাকেটে করে পাচারের সময় ৮ হাজার ৫৬৮ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। শুক্রবার (৪ জানুয়ারি) রাতে নগরীর কোতোয়ালি থানাধীন রেলস্টেশন এলাকা থকে তাদের আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
আটক দুইজন হলেন, আফসার মিয়া (৩০) ও মোহাম্মদ আলমগীর (৩০)। এদের মধ্যে আফসারের বাড়ি কক্সাবাজারের উখিয়ায়। আলমগীরের বাড়িও একই এলাকায়।
মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলস্টেশন এলাকা থেকে তাদের দু’জনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি করে ৮ হাজার ৫৬৮ ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলো তারা বারমিজ আচারের প্যাকেটে কৌশলে লুকিয়ে পাচার করছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ইয়াবাসহ তাদের দু’জনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।








