নোয়াখালী জেলা শহরে মাইজদী হাউজিংয়ের দক্ষিণ মোড়ে সোমবার দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডে ৬টি দোকান ও একটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর, আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে, মুদি, কনফেকশনারি, টিভি মেকানিক ও ইকেলট্রনিক্স সামগ্রীর দোকানসহ একটি বসতঘর।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর ইব্রাহীম ভুঁইয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রেণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা সম্ভব হয়নি।








