দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে ঘুষ দিতে এসে গ্রেফতার হওয়া আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আশিকুর রহমানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুদকের আবেদনে চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এ তথ্য নিশ্চিত করে দুদকের আইনজীবী সানোয়ার হোসেন লাভলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার আনসার কমান্ড্যান্ট আশিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে চান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে গত ২৪ জানুয়ারি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার সময় নীলফামারী জেলার আনসার কমান্ড্যান্ট আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর দুদক কর্মকর্তারা জানান, আশিকুর দুই বছর আগে বান্দরবানে ১৭ নম্বর আনসার ব্যাটালিয়নে অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। তখন আনসার ব্যাটালিয়নের স্থাপনা নির্মাণ ও মেরামত কাজ নিয়ে ১৩ লাখ টাকার একটি দরপত্রে অনিয়মের অভিযোগ উঠে। এতে কাজ না করে প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। পরে এই অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগটি দুদকের উপ-সহকারী পরিচালক জাফর শিবলী সাদেক তদন্ত করছেন। ২৪ জানুয়ারি আশিকুর রহমান একলাখ টাকার বিনিময়ে তদন্ত কর্মকর্তাকে অভিযোগটি নিষ্পত্তির প্রস্তাব দেন। এসময় দুদক কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘুষের একলাখ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।








