চট্টগ্রামে শনিবার (২ ফেব্রুয়ারি) এসএসসি’র বাংলা প্রথম পত্র পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহের ঘটনায় আরও সাত কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছে শিক্ষা বোর্ড। সোমবার (৪ ফেব্রুয়ারি) তাদের অব্যাহতির চিঠি দেওয়া হয় বলে জানান, শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান। এনিয়ে এ ঘটনায় মোট আট কেন্দ্রসচিবকে অব্যাহতি দেওয়া হলো।
শনিবার চট্টগ্রাম বোর্ডের সাতটি কেন্দ্রে পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ ঘটনায় রবিবার (৩ ফেব্রুয়ারি) পতেঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওবায়দুল হককে অব্যাহতি দেওয়া হয়। তিনি ওই স্কুল কেন্দ্রের সচিব ছিলেন।
মাহবুব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষাবোর্ডের অধীনে সাতটি কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় বহু নির্বাচনি অংশে কিছু সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নির্ধারিত সিলেবাসের প্রশ্নপত্রের পরিবর্তে ভিন্ন সিলেবাসের প্রশ্নপত্রে নিয়েছেন। যা এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা এবং কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব কেন্দ্রে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।’
অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিবরা হলেন— ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সচিব সাহেদা আকতার, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের সচিব রফিকুল ইসলাম, মিউনিসিপ্যাল সিটি করপোরেশন মডেল উচ্চ বিদ্যালয়ের সচিব শাহেদুল কবির চৌধুরী, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মো. নাজিম উদ্দিন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সচিব রোকেয়া খানম, উখিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সচিব আমিনুল এহসান মানিক ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সচিব আবুল হাশেম।








