চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের (চবি) আবাসিক হলে তল্লাশি চালিয়ে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় এক ছাত্রীসহ ১৫ জনকে আটক করা হয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাত দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই তল্লাশি অভিযান চালানো হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ এ তথ্য জানান।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের সহযোগিতায় সোহরাওয়ার্দী হল ও শাহজালাল হলে তল্লাশি চালানো হয়। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এতে আটক করা হয়েছে কয়েকজনকে।’
তিনি আরও বলেন, ‘সোহরাওয়ার্দী হলের গেস্ট রুম থেকে এক ছাত্রীকে পাওয়া যায়। তাকে সহ আটক সবাইকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
প্রসঙ্গত, গত শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতভর ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ১৫ জন।








