ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন চুজ ফ্রেন্ড উইথ কেয়ার ‘সিএফসি’ ও ‘বিজয়’ গ্রুপের দুই কর্মী দোকানে বসে চা খাচ্ছিল। একপর্যায়ে কোনও একটি বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে বাক বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা পরে সংঘর্ষে রূপ নেয়। এসময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এক পক্ষের নেতাকর্মীরা। পরে ‘সিএফসি’ গ্রুপ শাহ আমানত হলে এবং ‘বিজয়’ গ্রুপ সোহরাওয়ার্দী হলে অবস্থান নেয়। এ সময় উভয় গ্রুপ পরস্পরকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থানরত ‘বিজয়’ গ্রুপের কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ শাহ আমানত হল এবং সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেয়। তবে তাৎক্ষণিক আহতের কোনও খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’








