কুমিল্লার বিবির বাজার সীমান্তে মাদকসহ চোরাচালান রোধে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী-বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। যা শুক্রবারও (১ মার্চ) চলে।
অনুষ্ঠানে সরাইল রিজিওনাল কমান্ডার এএসএম আনিসুল হক, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আলিমুল করিম চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কুমিল্লা-১০ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আবু মো. মহিউদ্দিন, ভারতের পক্ষে ডিআইজি শ্রী ডিকে বোরা, স্টাফ অফিসার শ্রী আরডি ডোগরা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্তরক্ষী দুই বাহিনীর মধ্যে সীমান্ত ব্যবস্থাপনাসহ যৌথ আভিযানিক দক্ষতা আরও বেশি কার্যকর করার লক্ষ্যে বিবির বাজার সীমান্তে মাদক, চোরাচালান ও অপরাধীদের প্রতিরোধে ‘ময়নামতি মৈত্রী’ নামকরণে যৌথ অনুশীলন পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে পরিচালনা করা হচ্ছে। ‘ময়নামতি মৈত্রী’ কর্মসূচিতে দুই দেশের ৬০ জন জোয়ানকে প্রশিক্ষণ দেওয়া হয়।








