পারিবারিক কলহের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্যালককে হত্যার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (১ মার্চ) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (২ মার্চ) সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানার পরিদর্শক রঞ্জিত রায়।
নিহতের নাম ইমন (১৪)। সে ওই গ্রামের মো. রবিউল্লাহ মিয়ার ছেলে। অভিযুক্তের নাম রফিকুল ইসলাম। সে পলাতক রয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, উপজেলার বড়িকান্দির রবিউল্লাহ মিয়ার মেয়ে মনিরার সঙ্গে সাত বছর আগে ময়মনসিংহের নান্দাইল এলাকার রফিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ চলছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি খেলার মাঠ থেকে ইমনকে ডেকে নেয় তার বোনের জামাতা রফিকুল। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরিত্যক্ত একটি জমিতে লাশ ফেলে রেখে পালিয়ে যায় সে।
নিহতের পিতা রবিউল্লাহ জানান, পারিবারিক কলহের জের ধরে আমার ছেলে ইমনকে খেলার মাঠ থেকে নিয়ে হত্যা করেছে তারই মেয়ের জামাই রফিকুল ইসলাম।
নবীনগর থানার পরিদর্শক রঞ্জিত রায় জানান, জমিতে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুত চলছে।








